কূটনৈতিক প্রতিবেদক
জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারে (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ।
জেনেভায় জাতিসঙ্ঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চার সদস্যের এক্সকম ব্যুরোর চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। ১৯৫৯ সালে ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির কার্যক্রম শুরুর পর প্রথমবারের মতো বাংলাদেশ এই দায়িত্ব পেল, যা দেশের বহুপক্ষীয় কূটনীতির ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এশিয়া-প্যাসিফিক গ্রুপের সর্বসম্মত প্রার্থী হিসেবে বাংলাদেশ মনোনীত হয়েছে। পরে ভিন্ন দু’টি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্বকারী আলজেরিয়া ও অস্ট্রিয়া আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নে সমর্থন দিয়েছে। নির্বাহী কমিটির ১১০ সদস্যরাষ্ট্র রাষ্ট্রদূত নাহিদা সোবহানের মনোনয়ন অনুমোদন করেছে।
জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জানানো হয়েছে, এ নির্বাচন বাংলাদেশের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং বহুপক্ষীয় ব্যবস্থায় দেশের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন। পেশাদার কূটনীতিক নাহিদা সোবহান এর আগে জর্দানে রাষ্ট্রদূত এবং কানাডায় হাইকমিশনার ছিলেন। এছাড়া তিনি রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।
মিশনের বার্তায় বলা হয়, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার পাশাপাশি তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে সোচ্চার বাংলাদেশের জন্য এই দায়িত্ব গ্রহণ বিশেষ তাৎপর্য বহন করে। বিশ্বজুড়ে রেকর্ডসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি, ক্রমবর্ধমান মানবিক চাহিদা এবং তহবিল সঙ্কটের মধ্যে বৈশ্বিক শরণার্থী সুরক্ষা ব্যবস্থার এক সঙ্কটময় মুহূর্তে বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করল।



