সিনহুয়া
টেলিগ্রামে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি গত শনিবার দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মোজতবা খামেনি কয়েকজন ব্যক্তির মাঝখানে রয়েছেন এবং তাদের সাথে কথোপকথন করছেন। তবে এই চিত্রটি কোন সময়ে কিংবা কোন স্থানে ধারণ করা হয়েছে, সে সম্পর্কে মেহের নিউজের প্রতিবেদনে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি। এমনকি তার পাশে থাকা ব্যক্তিদের পরিচয়ও গোপন রাখা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন নগরীতে যৌথভাবে সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। সেই হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, একাধিক উচ্চপদস্থ সামরিক কমান্ডার ও সাধারণ নাগরিক নিহত হন। পরবর্তী সময়ে এর জবাবে সংশ্লিষ্ট অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করে ইরান। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে গত মার্চের শুরুর দিকে ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।



