ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশার কারণে রানওয়ে দেখতে না পাওয়ায় ৫টি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। পরে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পাইলটরা ফ্লাইট ঘুরিয়ে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে নিরাপদে অবতরণ করান। এই সময়ে যাত্রীদের মধ্যে অজানা আতঙ্ক ও ভোগান্তি থাকলেও ঘটেনি কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত এই ফ্লাইট ডাইভার্ট হওয়ার ঘটনা ঘটে।

শাহজালাল বিমানবন্দর টার্মিনাল সূত্র সংশ্লিষ্টরা জানান, ঘন কুয়াশায় বৃহস্পতিবার রাত ১টা থেকেই মূলত ফ্লাইট চলাচলে মারাত্মক বিঘœ ঘটে। ঘন কুয়াশায় হঠাৎ করে রানওয়ে এলাকা অস্পষ্ট হয়ে যায়। এ সময় কুয়েত থেকে ছেড়ে আসা কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের পর পর দুটি ফ্লাইট ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে এসে নামতে না পেরে চক্কর দিতে থাকে। এয়ার কন্ট্রোল টাওয়ার থেকে ক্লিয়ারেন্স না পাওয়ায় পরে একে একে ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে কলকাতা বিমানবন্দরের দিকে চলে যায়। ভোর রাতের দিকে সৌদি আরবের দাম্মাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো একটি ফ্লাইট চলে আসে। সেটিও অবতরণ করতে না পেরে কলকাতা বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ প্রসঙ্গে জানান, কুয়েত থেকে আসা কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতায় পাঠানো হয়েছে।