রাজশাহী ব্যুরো
রাজশাহীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) নবীন শিক্ষার্থীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করে দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। গতকাল রাজশাহী আইএইচটির শাখা ছাত্রদল আয়োজিত নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন।
মিজানুর রহমান মিনু বলেন, তোমাদেরকে আগে নিজেদের লক্ষ্য স্থির করতে হবে। এরপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। কাক্সিক্ষত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত হাল ছাড়া যাবে না। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।
তিনি বলেন, আমরা জানি, তোমরা সবাই স্বাস্থ্য বিশেষজ্ঞ হবে। জনগণের যে প্রত্যাশা, একটি সুন্দর চিকিৎসাব্যবস্থা- সেটি তোমাদের হাত দিয়েই গড়ে উঠবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। একই সাথে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
রাজশাহী আইএইচটি ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: মো: মোফাখখারুল ইসলাম, আইএইচটি রাজশাহীর অধ্যক্ষ ডা: মো: মির্জা ওয়াসি পারভেজ, ড্যাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডা: মো: মনোয়ার তারিক সাবু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো: রাকিন রায়হান রবিন, সদস্যসচিব মো: এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: খালিদ বিন ওয়ালিদ আবির, এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের মহাসচিব মো: বিপ্লবুজ্জামান বিপ্লব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মো: দবির উদ্দীন তুষার। অনুষ্ঠানে আইএইচটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।



