শেখ দীন মাহমুদ পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছা উপজেলার একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দীর্ঘ প্রায় দুই দশকেও সংস্কার হয়নি। উপজেলার লস্করের বাইনতলা খেয়াঘাট থেকে খড়িয়া অভিমুখে পাইকগাছা জিসি-বাইনতলা বাজার থেকে বগুড়ার চক-গিলাবাড়ি পর্যন্ত সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ এখন চলাচলের জন্য প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় গর্ত, ভাঙাচোরা ও উঁঁচুনিচু সড়কের কারণে প্রতিদিন নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষ ও পথচারীদের।
সরেজমিন দেখা যায়, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার মাটি সরে গেছে। বর্তমানের এই বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই গর্তে পানি ও কাদা জমে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী মানুষ, কৃষক, ব্যবসায়ী, মৎস্যচাষি এবং সাধারণ পথচারীদের এখন যেন দুর্ভোগের শেষ নেই।
লস্কর ইউনিয়নের ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে বিস্তৃত এই সড়কটি আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। প্রতিদিন হাজারো মানুষ এ পথ ব্যবহার করেন। কৃষিপণ্য, রফতানিযোগ্য চিংড়িসহ বিভিন্ন পণ্য পরিবহনে সড়কটি ব্যবহৃত হচ্ছে।
স্থানীয়রা জানান, এই সড়ক পথ এখন খুবই ঝুঁকিপূর্ণ। যানবাহন চলাচলে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি।
লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম সানা বলেন, সড়কটি সংস্কারের জন্য বারবার সংশ্লিষ্ট দফতরের সাথে যোগাযোগ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) জানিয়েছে, চলতি বছর সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে। দ্রুত কাজ শুরু হবে বলে তাকে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী মো: শাফিন শোয়েব বলেন, খুলনা বিভাগীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রস্তাবে (ডিপিপি) সড়কটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় এটি দ্বিতীয় অগ্রাধিকারপ্রাপ্ত। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুত সংস্কারকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান চেয়ে এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন। তাদের মতে, নিরাপদ ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ নেয়া প্রয়োজন।



