নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে চার মোটরসাইকেল আরোহীসহ ছয়জন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার রাতে ও গতকাল দিনে এসব দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে সালমান শেখ (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরো এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
গতকাল দুপুরের দিকে মুকসুদপুর বরইতলা সড়কের বনগ্রাম মুন্সীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান শেখ মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের শহিদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সালমান শেখ তার বন্ধুকে নিয়ে বনগ্রাম বাজার থেকে লোহাইড় গ্রামে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে বনগ্রাম মুন্সীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সালমান শেখ নিহত হন ও আরো একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দ্রুতগামী ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম হাফেজ মাওলানা মুফতি আল জাহিদ (৩৫)। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পিরোজপুর এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকসহ ট্রাকচালককে আটক করেছে ।
নিহত মুফতি আল জাহিদ কুমিল্লার বুড়িচং থানার নয়কামতা গ্রামের মো: শাহ-আলম মিয়ার একমাত্র সন্তান।
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার মোকামতলায় অটোভ্যানের এক্সেল ভেঙে সড়কের ওপর পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের ধাক্কায় রুহুল আমিন (৬০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মোকামতলা-সোনাতলা সড়কের চাকলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন মোকামতলার দেউলী ইউনিয়নের লীকোলা চকবৃন্দাবন গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সুতা ব্যবসায়ী ছিলেন।
হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মাধবপুর উপজেলার মনতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব গতকাল বেলা ১১টার দিকে মনতলা থেকে সিএনজিযোগে চুনারুঘাট উপজেলার হজরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার মাজারে যাওয়ার সময় সাতছড়ি- চাকলা এলাকার ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি নিয়ন্ত্রণ হারালে তিনি মৃত্যু বরণ করেন।
দুলাল দেব (৫০) মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের বাসিন্দা।
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব রায় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শুভ্রদেব রায় (১৭) নামে আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেউনিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাটুন হারি আরাজি গ্রামের জগদীশচন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় একজন আলু ব্যবসায়ী। আহত শুভ্রদেব রায় একই ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের কৃষ্ণ রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে আলু ব্যবসায়ী বিপ্লব রায় লীরহাটের কোল্ড স্টোরেজ থেকে বের হয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে যাওয়ার পথে দেউনিয়ার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বিপ্লব রায় ও শুভ্রদেব রায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব রায়ের মৃত্যু হয়। আহত শুভ্রদেব রায়কে গুরুতর অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে।
সিলেট ব্যুরো : সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার টুকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া উপজেলার ডাকঘর গ্রামের জমির আলীর ছেলে। আহত আল-আমিন নোয়াগাঙ্গের পাড় গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।



