খুলনা ব্যুরো
খুলনা ওয়াসায় আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় ২৪ জন বিভাগীয় প্রার্থী অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না। এ নিয়ে তারা হাইকোর্টে রিট করেছিলেন। আদালত আদেশের কপি প্রাপ্তির ১৫ দিনের মধ্যে তাদের আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন। কিন্ত কর্তৃপক্ষ এই আদেশ আমলে না নিয়েই পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছেন বলে রিটকারীরা অভিযোগ করেছেন । অপরদিকে ওয়াসা কর্তৃপক্ষ বলছে আদালত রিট খারিজ করে দিয়েছে। ফলে খুলনা ওয়াসার প্রবিধান অনুযায়ী বিভাগীয় প্রার্থীদের আবেদনের সুযোগ নেই। এ ঘটনায় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
রিটকারীদের আবেদন সূত্রে জানা গেছে, খুলনা ওয়াসা ২০২৫ সালের ১০ নভেম্বর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রচলিত নিয়মে, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করার নিয়ম থাকলেও ওয়াসার এই বিজ্ঞপ্তিতে বিভাগীয় প্রার্থীদের কোনো সুযোগ রাখা হয়নি। সহকারী প্রকৌশলী (যান্ত্রিক ও বৈদ্যুতিক), প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও টাইপিস্ট, রাজস্ব তত্ত্বাবধায়ক, ডেটা এন্ট্রি অপারেটর, ল্যাব টেকনিশিয়ান, ক্যাশিয়ার, স্টোরকিপার, সিনিয়র সহকারী, পাম্প অপারেটর, যান্ত্রিক টেকনিশিয়ান ও বৈদ্যুতিক টেকনিশিয়ানের মোট ২১টি পদে আবেদন আহ্বান করা হয়। ওয়াসায় বর্তমানে বিভিন্ন পদে কর্মরত ২৪ জন এই পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ চেয়ে আবেদন করলে তাদেরকে প্রত্যাখ্যান করা হয়। যার পরিপ্রেক্ষিতে তারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন, নং-২২৭৩/২০২৬। গত ১৪ জুন বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের দ্বৈত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত মামলার ২ নম্বর রেসপনডেন্ট খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে আদেশের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আপিলকারীদের আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেন। কর্তৃপক্ষ আইন অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়।
খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম আব্দুল গফফার অভিযোগ করেন, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম ওয়াসাসহ দেশের সব সরকারি ও সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে বিভাগীয় প্রার্থীদের জন্য বিশেষ সুযোগ এবং বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য থাকে। একমাত্র খুলনা ওয়াসায় খামখেয়ালিপূর্ণভাবে এই নিয়ম মানা হয় না। এতে কর্তৃপক্ষের দুর্নীতি ও অনিয়ম করার সুযোগ সৃষ্টি হয়। তিনি জানান, ২০২০ সালে এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিবাদে তিনি হাইকোর্টে রিট করায় সেই নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। মামলাটি এখনো চলমান।
খুলনা ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালা জানান, নিয়োগ পরীক্ষার বিষয়ে হাইকোর্টে একটি রিট হয়েছিল। হাইকোর্ট সেটি খারিজ করে দিয়েছেন। খুলনা ওয়াসার নিজস্ব প্রবিধানে বিভাগীয় প্রার্থীদের জন্য আলাদা কোনো বিধান নেই। ফলে নীতিমালার বাইরে গিয়ে কাউকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার কোনো উপায় নেই। তিনি জানান, শুক্রবার সকাল ১০টায় খুলনা জিলা স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।



