এসএম রহমান পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)
দক্ষিণ চট্টগ্রামের ৫০ কিলোমিটারের বেশি নয়নাভিরাম সমুদ্র সৈকতজুড়ে গড়ে উঠতে পারে বিপুল সম্ভাবনাময় কোস্টাল ট্যুরিজম। ইতোমধ্যে সরকারিভাবে বিশেষ করে বেজার উদ্যোগে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে সমুদ্র উপকূলের প্রায় ৯৬৭ একর এলাকাজুড়ে সাবরাং ট্যুরিজম পার্ক, জালিয়ার দ্বীপ টেকনাফ উপজেলার নাফ নদীর মাঝখানে অবস্থিত একটি চমৎকার দ্বীপ নিয়ে নাফ ট্যুরিজম পার্ক এবং মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে জীববৈচিত্র্য রক্ষা করে সোনাদিয়া ইকো-ট্যুরিজম পার্ক উদ্যোগ নেয়া হয়েছিল। ঠিক তেমনিভাবে সাগর উপকূলের বাঁশখালী বাহারছড়াসহ বিস্তীর্ণ ৩৭ কিলোমিটার এবং আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতসহ প্রায় ১৫ কিলোমিটার নয়নাভিরাম সমুদ্র সৈকত নিয়ে নতুন ট্যুরিজম প্রকল্প এখন সময়ের ব্যাপার। ইতোমধ্যে পার্কি সমুদ্র সৈকতে পর্যটন করপোরেশনের উদ্যোগে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আধুনিক পর্যটন কমপ্লেক্সে পরিণত করার লক্ষ্যে ৭৮ কোটি টাকার প্রকল্প কাজ প্রায় শেষ পর্যায় রয়েছে।
চট্টগ্রাম শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে বাঁশখালীতে ৩৭ কিলোমিটার বিস্তীর্ণ সমুদ্র সৈকত রয়েছে। বাঁশখালীর ছনুয়া, গণ্ডামারা, সরল, বাহারছড়া, খানখানাবাদের উপকূলজুড়ে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই সৈকতের অবস্থান। কক্সবাজারের মতোই বাঁশখালীর সমুদ্র সৈকত। সৈকতের কোল ঘেঁষে রয়েছে সারিসারি ঝাউগাছ ও ঘন ঝাউ বাগান। জোয়ার-ভাটার ঢেউয়ের শব্দ পর্যটকের মন কাড়ে সবার। ইতোমধ্যে অঘোষিতভাবেই বিস্তীর্ণ এই সমুদ্র সৈকত ঘিরে গড়ে উঠেছে পর্যটন স্পট।
চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে পারকি সমুদ্র সৈকত। এ ছাড়াও অঘোষিতভাবে ফুলতলা নামক এলাকার বিস্তীর্ণ উপকূল ঘিরে গড়ে উঠেছে পর্যটন স্পট। প্রতিদিন পাহাড়বেষ্টিত বাঁশখালীর কয়েক কিলোমিটার সমুদ্রসৈকত ঘিরে ভ্রমণপিপাসুদের মিলন মেলায় পরিণত হয়। সরেজমিনে দেখা গেছে, বাঁশখালী উপকূল ঘিরে এমন উপচে পড়া ভিড় যেন দেশের অন্যতম পর্যটন এলাকা কক্সবাজারকেও হার মানায়। সে কারণে এলাকাবাসী মনে করেন সামান্য পুষ্টপোষকতা পেলে বাঁশখালী উপকূলের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গড়ে উঠতে পারে আকর্ষণী পর্যটন স্পট হিসেবে। এ দিকে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালী বাহারছড়ায় আসছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগে মরহুম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পরে এবং ২০০৬ সালে আরেকবার বাঁশখালী সফর করেন। জানা গেছে,বর্তমানে এই দুই উপজেলাজুড়ে ভাঙন ঠেকাতে গড়ে তোলা হচ্ছে টেকসই বেড়িবাঁধ।
পর্যটন করপোরেশনের প্রকল্প পরিচালক (পিডি) যুগ্মসচিব মো: মাজেদুর রহমান গত রাতে নয়া দিগন্তকে বলেন, পার্কির কাজ চলতি মাসেই শেষ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। বিদেশী পর্যটকদের যাতায়াত ও ভিসা সুবিধাসহ সহজকরণ ও নিরাপত্তাসহ থাকার পরিবেশ গড়ে তোলা হলে এই অঞ্চলে কোস্টাল ট্যুরিজম গড়ে তোলা সম্ভব বলে তিনি জানান।



