বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের ঘোষিত নতুন কমিটির সমালোচনা করে পোস্ট দেয়ার পর অনলাইনে হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। এ ঘটনায় ক্যাম্পাসে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।
অভিযোগকারী মিরাজুল ইসলাম চৌধুরী বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং বুটেক্স জুলাই কালচারাল সেন্টারের সক্রিয় সদস্য। তার দাবি গত ২২ জুন নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে বুটেক্স শাখার নতুন কমিটি ঘোষণার পর তিনি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এর সমালোচনা করে একটি পোস্ট দেন এবং কমিটিতে থাকা কয়েকজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করেন। এরপর থেকেই তিনি বিভিন্ন মাধ্যমে হুমকির সম্মুখীন হন।
পরদিন দেয়া আরেকটি পোস্টে তিনি ঘোষিত কমিটির কয়েকজন সদস্যের নাম ও ছবি প্রকাশ করে সমালোচনা করেন। এরপর তার পোস্টের মন্তব্যের ঘর, বিভিন্ন ফেসবুক পেজ এবং ব্যক্তিগত ইনবক্সে হত্যাসহ একাধিক হুমকিমূলক বার্তা আসতে শুরু করে বলে অভিযোগ করেন তিনি। একই সাথে তার ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নিয়েও অনলাইনে মন্তব্য করা হচ্ছে বলেও দাবি করেন।
মিরাজুল বলেন, বুটেক্সে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের তৎপরতার বিরুদ্ধে কথা বলাকে তিনি নিজের নৈতিক দায়িত্ব মনে করেন। নিরাপত্তাজনিত কারণে তিনি আপাতত নিজের ফেসবুক প্রোফাইল লক করে রেখেছেন এবং পরবর্তী করণীয় বিষয়ে পরিবারের সাথে আলোচনা করছেন।
এ ঘটনায় বুটেক্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোস্তাকিম বিল্লাহ বলেন, একজন সাধারণ শিক্ষার্থীকে হুমকি দেয়ার ঘটনা উদ্বেগজনক এবং এর মাধ্যমে বৃহত্তর শিক্ষার্থী সমাজকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। একই বিভাগের আরেক শিক্ষার্থী আর্থিক রাদিয়ানও দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এর আগে বুটেক্সের প্রক্টর অধ্যাপক ড. মাহাবুবুর রহমান জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক ছাত্রসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তার ভাষ্য, ক্যাম্পাসে কেউ রাজনৈতিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, মিরাজুল ইসলাম চৌধুরী ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রাখার দাবিতে বিভিন্ন কার্যক্রমেও সম্পৃক্ত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



