ময়মনসিংহ অফিস
চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেন, চাঁদাবাজি ও অবৈধ মজুতদারি রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
গতকাল শুক্রবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সভাকক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘যেসব ব্যবসায়ী অধিক মুনাফার আশায় নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করেন, তারা দেশ ও জাতির শত্রু।’ তিনি আরো বলেন, চাঁদাবাজি একটি গুরুতর সামাজিক ব্যাধি, যা ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ পরিবেশ এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। ‘চাঁদাবাজদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই। তারা অপরাধী তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। একই সাথে চাঁদাবাজির শিকার হলে তা গোপন না রেখে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলেন।
এম ইকবাল হোসেইন বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনেক চাঁদাবাজকে আইনের আওতায় এনেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো উল্লেখ করেন, ইসলামে মজুতদারি ব্যবসা কঠোরভাবে নিষিদ্ধ এবং সরকার এ ধরনের অপরাধের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আপনারা হালাল ব্যবসা করবেন এবং বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। চাঁদাবাজ যে-ই হোক, তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিন।’
সভায় প্রতিমন্ত্রী গৌরীপুরের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগের কথা জানান। পাশাপাশি পৌর এলাকায় শিশুদের জন্য একটি বিনোদন পার্ক নির্মাণের ঘোষণা দেন।
গৌরীপুর সম্মিলিত ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক মো: মাহবুবুল আলম ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: আলী আকবর আনিচের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি মো. মুক্তার উদ্দিন চৌধুরী, ধান ও পাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আহাম্মদ এবং গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র পাল প্রমুখ। পরে দুপুর ১টায় প্রতিমন্ত্রী পৌর এলাকার বাজার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আমীন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস এবং গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



