নয়া দিগন্ত ডেস্ক
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ দেবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। গতকাল বুধবার ডিআরইউর শফিকুল কবীর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যৌথভাবে এ ঘোষণা দিয়েছে নগদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ বছর এই পুরস্কারের নাম দেয়া হয়েছে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫।
এবার প্রিন্ট-অনলাইন ও টেলিভিশিন-রেডিও দুই ভাগে ২৫টি ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য পুরস্কার দেয়ার পাশাপাশি সব মিডিয়ার জন্য উন্মুক্ত করে আরো দু’টি বিশেষ পুরস্কারসহ মোট ২৭টি সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেয়া হবে। দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক জমা পড়া রিপোর্টের মধ্য থেকে যাচাই-বাছাই করে বছরের সেরা রিপোর্ট নির্বাচন করবেন।
এ জন্য সংগঠনের সদস্যদের গত ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন জমা দিতে হবে। গতকাল থেকে রিপোর্ট জমা নেয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।
সংবাদ সম্মেলনে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, বছরের সেরা রিপোর্টের জন্য রিপোর্টারদের সম্মানিত করার এই যে আয়োজন তা আসলে দেশের সাংবাদিকতাকেই এগিয়ে নেয়ার এক ইতিবাচক প্রক্রিয়া। সংগঠনের জন্মের পর থেকেই ডিআরইউ এই দায়িত্ব পালন করে আসছে এবং এর ইতিবাচক প্রভাবও সাংবাদিকতার ওপর পড়েছে।
সংবাদ সম্মেলনে ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাইমন ইমরান হায়দার, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলামসহ ডিআরইউর অন্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।



