জুরেলের সেঞ্চুরি, বড় সংগ্রহ ভারতের

Printed Edition
শতরান করার পর দর্শকদের উদ্দেশে ধ্রুব জুরেল : ক্রিকইনফো
শতরান করার পর দর্শকদের উদ্দেশে ধ্রুব জুরেল : ক্রিকইনফো

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছিলেন দেবদুত পাড়িক্কাল। দ্বিতীয় দিনে ধ্রুব জুরেলের সেঞ্চুরি। দুই ব্যাটারের শতক ও অন্যদের অবদানে রানের পাহাড় দাঁড় করাল ভারত। দ্বিতীয় দিনের শেষ বিকেলে শ্রীলঙ্কা দ্রুত দুই উইকেট হারালে চালকের আসনে শুবমান গিলের দল।

কলম্বো টেস্টে গতকাল ৯ উইকেটে ৫০৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। দ্বিতীয় দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ৮ রান তুলতেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। ভারতের বিশাল সংগ্রহ গড়ার মূল কারিগর পাডিক্কাল ও জুরেল। তিনে নেমে প্রথম দিন ১১৭ রান করেন পাডিক্কাল। আর দ্বিতীয় দিন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেন জুরেল। দু’টি ছক্কা ও ৯টি চারে ১১৫ করে অপরাজিত থাকেন তিনি।

এ ছাড়া আগের দিনের শুবমান গিলের ৫০ রান। আগের দিন ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়া ঋষভ পন্ত এ দিন ব্যাটিংয়ে নেমে করেন ৬৩ রান। ৫ উইকেটে ৩০০ রান নিয়ে খেলতে নামা ভারত দিনের দ্বিতীয় ওভারেই সারানশ জৈনকে হারায়। এরপর জুরেলের সাথে জুটি গড়েন আগের দিন আহত হয়ে মাঠ ছাড়া পন্ত। তাদের ব্যাটে প্রথম সেশন নিরাপদে কাটিয়ে দেয় ভারত। দ্বিতীয় সেশনের প্রথম বলে পন্তকে ফিরিয়ে দেন নুয়ান্থা। তাতে ভাঙে ১১২ রানের জুটি।

দ্বিতীয় সেশনে হানা দেয় বৃষ্টি। তাতে সেশনের লম্বা একটা সময় ভেসে যায়। লম্বা সময় অপেক্ষার পর তৃতীয় সেশন শুরু হলে, কয়েক ওভার পর সেঞ্চুরি স্পর্শ করেন জুরেল। দলের রান পাঁচ শ’ ছোঁয়ার পর ইনিংস ঘোষণা করে ভারত।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামার দুই বল পর আবার নামে বৃষ্টি। কিছুক্ষণ অপেক্ষা শেষে খেলা শুরু হলে দ্বিতীয় ওভারে লাহিরু উদারাকে হারায় লঙ্কানরা। নাইটওয়াচম্যান হিসেবে নামা প্রবাথ জয়াসুরিয়ার বিদায়ের পর আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা।