রয়টার্স
ইউক্রেনে কৃষ্ণ সাগরের তীরবর্তী ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো কমপক্ষে ১৫ জন। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা। টেলিগ্রাম পোস্টে কুলেবা বলেন, ‘আজ সন্ধ্যার পর ওডেসার বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন এবং আরো ১৫ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।’
ওডেসা ইউক্রেনের প্রধান বন্দর শহর। কৃষ্ণসাগরের তীরবর্তী ওডেসায় মোট তিনটি বন্দর আছে। এই তিন বন্দর দিয়েই ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে রফতানি হয় ইউক্রেনের শস্য ও অন্যান্য সামগ্রী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে বেশ কয়েকবার ওডেসা এবং এর সমুদ্রবন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।



