ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও এমডির পুনর্বহাল দাবি

Printed Edition
জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন : নয়া দিগন্ত
জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিবাদের দোসর ও এস আলমের সুবিধাভোগীকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ ও সম্পূর্ণ অন্যায়ভাবে এমডি ফারুক খানকে পদত্যাগে বাধ্য করার প্রতিবাদ জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন নবী মানিক বলেন, ফ্যাসিস্টদের সহযোগীদের এখন আবার পুনর্বহাল করার প্রক্রিয়া চলছে। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে এমন একজনকে নিয়োগ দেয়া হয়েছে যিনি বিগত সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ব্যাংক লুটপাট ও অর্থ পাচারের সহযোগী হিসেবে কাজ করেছেন এবং ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পদত্যাগে করতে বাধ্য হয়েছিলেন। এ ধরনের ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী এবং শহীদদের রক্তের সাথে বেইমানি। তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের অভিভাবক হওয়া সত্ত্বেও গভর্নর একজন দক্ষ ও ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞ ব্যক্তির পরিবর্তে বিতর্কিত এক ব্যক্তিকে নিয়োগ দিয়ে ব্যাংকটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করতে হবে। একইসাথে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে, যার নেতৃত্বে সঙ্কটের সময়েও ব্যাংকের আমানত বেড়েছে এবং গ্রাহকদের আস্থা ফিরে এসেছে। দাবি মানা না হলে নতুন চেয়ারম্যানকে ব্যাংকে ঢুকতে এবং ভবিষ্যতে কোনো বোর্ড মিটিং করতে দেয়া হবে না।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করে তিনি বলেন, গভর্নর ইসলামী ব্যাংকসহ অন্য রুগ্ন ব্যাংকগুলো পরিচালনায় ব্যর্থ হয়েছেন। ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ১৮ ধারা বাতিল করতে হবে। এর মাধ্যমে ঋণখেলাপি ও লুটপাটকারীদের পুনরায় ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। অবিলম্বে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল, এমডির পুনর্বহাল এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করা না হলে তবে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর পক্ষ থেকে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে আরো বক্তৃতা করেন- ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডার নজরুল ইসলাম, সাধারণ গ্রাহক আব্দুর রহমান, শাহিন আহমেদ খান প্রমুখ।