খুলনায় চাঞ্চল্যকর জোড়া হত্যায় মামলা অজ্ঞাত পরিচয় ১৬ আসামি

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনায় আদালতের প্রধান ফটকের সামনের সড়কে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন হত্যার ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। গতকাল বিকেলে খুলনা সদর থানায় এ হত্যা মামলা দায়ের করা হয়।

অপরদিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আটক রিপন শেখ এ ঘটনায় জড়িত নয় বলে দাবি করেছে তার পরিবার এবং নিহত হাসিব হাওলাদারের ছোট ভাই সুমন হাওলাদার। গতকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি করেন।

প্রকাশ্য দিবালোকে জোড়া হত্যা মামলা দায়ের সম্পর্কে খুলনা সদর থানার এসআই আব্দুল হাই বলেন, দুই নিহতের পরিবারের কেউ মামলা না করায় খুলনা থানার এসআই আমিনুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এসআই মো: মিয়ারব হোসেন।

তিনি জানান, অজ্ঞাতনামা ১৫-১৬ জন আসামি পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে গুলি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে দু’জনকে হত্যা করে।

জোড়া হত্যায় জড়িত সন্দেহে ৫৪ ধারায় আটক রিপন শেখের স্ত্রী আখি গতকাল দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বলেন, রিপন শেখ ঘটনার দিন ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়তে মাছ কিনতে গিয়েছিলেন। দুপুর সাড়ে ১২টায় খুলনার আদালতের সামনে যখন হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন সে ওই বাজারে ছিল, যার ভিডিও ফুটেজও দেখানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নিহত হাসিবের ছোট ভাই সুমন হাওলাদার।