বাংলাদেশীকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ

Printed Edition

চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৮) নামের এক বাংলাদেশউ নিহত হয়েছে।

গতকাল বিকেলে এই সীমান্ত হত্যার ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকার গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে।

স্থানীয় একটি সূত্র জানায়, শনিবার বিকেল ৪টার দিকে শহিদুল ইসলামসহ ওই এলাকার আরো কয়েকজন বাংলাদেশী জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে টহলরত বিএসএফ সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে অন্যরা পালিয়ে বাংলাদেশে চলে আসে। হত্যার পর বিএসএফ সদস্যরা শহিদুলের লাশ টেনে-হেঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে।

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানিয়েছেন, লাশ ফেরতের ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।