বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শেষমোড় এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে। ওই হামলার ঘটনায় ঈশা খাঁ হলের চারজন ও মওলানা ভাসানী হলের একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের কয়েকজন শিক্ষার্থী শেষমোড়ের দিকে রাতের খাবার খেতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
তবে ঘটনার সূত্রপাত হয় ওই দিন সকাল ১১টার দিকে। সে সময় কয়েকজন বহিরাগত হল প্রাঙ্গণে প্রবেশ করলে শিক্ষার্থীরা চোর সন্দেহে তাদের আটক করেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে হল কর্তৃপক্ষের হস্তক্ষেপে শিক্ষার্থীরা ওই বহিরাগতদের ছেড়ে দেন। এরই জেরে রাত ১১টার দিকে শেষমোড় এলাকায় গেলে শিক্ষার্থীদের বাধা দেয় এবং তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং লাঠি-সোটা নিয়ে হামলা করে।
একপর্যায়ে বহিরাগতদের লোহার পাইপের আঘাতে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং অন্য এক শিক্ষার্থীর নাক ফেটে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ঈশা খাঁ হলসহ অন্যান্য হলের শিক্ষার্থীরা বের হয়ে আসেন।
হামলায় আহত শিক্ষার্থীদের প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নেয়া হয়। পরে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত শিক্ষার্থীরা হলেন ঈশা খাঁ হলের পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম, ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তর ও ইমন, কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী তানভীর। এ ছাড়া মওলানা ভাসানী হলের কৃষি অর্থনীতি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রিয় আহত হন।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, রাতের খাবার খেতে আমরা শেষমোড়ের দিকে যাচ্ছিলাম। হলের কাছাকাছি হওয়ায় প্রতিদিনের মতো আজও খেতে গেলে কয়েকজন স্থানীয় আমাদের বাধা দেয়। কারণ জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে হামলা শুরু করে। দুজন সিনিয়র ভাই সামনে এগোতে গেলে একজনকে লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়। এতে সাথে সাথে তার মাথা ফেটে যায়।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল আলীম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর (ময়মনসিংহ কোতোয়ালি থানা) থেকে পুলিশ অভিযান পরিচালনা করছে। যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং আমরা তাদের গ্রেফতারের দাবি জানিয়েছি।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৩১ আগষ্ট রাত পৌনে ৮টায় কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনকারীদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে বহিরাগতরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।



