বাড়িতে ঢুকে বাবার সামনেই শিক্ষার্থীকে গুলি করে হত্যা

Printed Edition

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বিকেল ৪টার পর উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং সন্ত্রাসীদের শনাক্তে তাদের একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো: শামীম হোসেন।

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।

পুলিশ ও স্বজনরা জানান, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে ছয় যুবক হেলমেট পরা অবস্থায় সেখানে এসে প্রশাসনের লোক পরিচয়ে দিয়ে হামজাকে ধাওয়া দেয়। তখন আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং বাড়ির পাশের খালে পড়ে যান। এ সময় তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।