কূটনৈতিক প্রতিবেদক
মিয়ানমার সীমান্ত পরিস্থিতির ওপর সরকার নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, আহত আরাকান আর্মি প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন; এমন কোনো তথ্য সরকারের কাছে নেই।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। সম্প্রতি রাখাইনের বৌদ্ধ জাতীয়তাবাদী সশস্র আরাকান আর্মিকে দমনে মিয়ানমার সামরিক বাহিনী অভিযান জোরদার করেছে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলো থেকে মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ বিমান থেকে বোমা ফেলার শব্দ শোনা যাচ্ছে।
এ দিকে মিয়ানমার বিমানবাহিনীর বোমা হামলায় আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন; এমন একটি খবর সমাজমাধ্যম এবং মিয়ানমারকেন্দ্রিক কিছু আঞ্চলিক অনলাইন প্ল্যাটফর্ম থেকে ছড়ানো হয়েছে।



