সিলেটে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে তিন কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে সিলেটের কানাইঘাট ও সুনামগঞ্জ সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিলেট ব্যুরো জানায়, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল সকাল সাড়ে ৯টার দিকে কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় ধানের তুষভর্তি একটি সন্দেহভাজন ট্রাক থামানোর সিগন্যাল দেয়। ট্রাকটি পালানোর চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে কানাইঘাট-সিলেট সড়ক থেকে ট্রাকটি আটক করে। পরবর্তী তল্লাশিতে তুষের বস্তার নিচে লুকানো অবস্থায় পাঁচ হাজার ৩৬৫ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। ট্রাকসহ এসব পণ্যের সিজার মূল্য এক কোটি তিন লাখ ৬৫ হাজার টাকা। এর আগের দিন সুরাইঘাট, জৈন্তাপুর ও লালাখাল বিওপির পৃথক টহলে আরো ৩০৬০ কেজি পেঁয়াজ, ১২০ কেজি জিরা, দু’টি গরু, দু’টি ইঞ্জিন-চালিত কাঠের নৌকা ও দু’টি পিকআপ জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য নির্ধারণ করা হয় ৩৯ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। দুই দিনের অভিযানে জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য দাঁড়ায় এক কোটি ৪৩ লাখ দুই হাজার ২০০ টাকা।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার ভোরে ২৮ বিজিবির সদস্যরা সদর উপজেলার মঈনপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে টাস্কফোর্সের যৌথ অভিযানে একটি ইঞ্জিন-চালিত কাঠের নৌকাসহ ১২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিকস জব্দ করে। পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে এক কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা। ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তে চোরাচালান রোধে স্থল ও নৌপথে নজরদারি আরো জোরদার করা হয়েছে। আটক পণ্য শুল্ককার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।