নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এসব তথ্য জানায়।
ডিএমপি জানায়, রাজধানীর ১৮টি থানার পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। থানাভিত্তিক গ্রেফতাররা হলো- শাহবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, বংশাল, সূত্রাপুর, সবুজবাগ, কদমতলী, পল্লবী, কাফরুল, উত্তরা পশ্চিম, বিমানবন্দর ও তুরাগ এলাকা থেকে একজন করে। অন্য দিকে রমনা, তেজগাঁও, ভাটারা ও শিল্পাঞ্চল এলাকা থেকে দুইজন করে গ্রেফতার করা হয়। এ ছাড়ার মিরপুর ও দারুসসালাম এলাকায় তিন করে গ্রেফতার করা হয়।
এ দিকে যাত্রাবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগের ছয়জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। মুগদা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
অন্য দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ১১ জন, শেরেবাংলা নগর থানা পাঁচজন, মোহাম্মদপুর থানা ২৩ জন, আদাবর থানা আটজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৯ জন ও হাতিরঝিল থানা দুইজন।



