অদ্ভুত সড়ক দুর্ঘটনা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় এক অদ্ভুত সড়ক দুর্ঘটনার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংঘর্ষের পর একটি সুজুকি জিএসএক্সআর মোটরসাইকেল আকাশে ছিটকে উঠে ট্রাফিক সিগন্যালের সাথে ঝুলে থাকতে দেখা যায়, যা অনেককে বিস্মিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনাটি ঘটেছে সারে ও ডেল্টার সীমান্তবর্তী একটি ব্যস্ত সড়ক মোড়ে। সংঘর্ষের সময় মোটরসাইকেলটি এমনভাবে ছিটকে যায় যে, সেটি সরাসরি উপরের ট্রাফিক লাইটে গিয়ে আটকে থাকে। পরে সেটিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারকর্মীরা দেখতে পান।

পুলিশের তথ্য অনুযায়ী, মোটরসাইকেল চালক গুরুতর আহত হলেও তার প্রাণনাশের আশঙ্কা নেই। দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। অন্য দিকে দুর্ঘটনায় জড়িত গাড়ির চালকও সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

ঘটনার ভিডিও এবং ছবি অনলাইনে ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায়। নিরাপত্তার স্বার্থে উদ্ধারকর্মীরা পুরো এলাকা ঘিরে ফেলেন এবং মোটরসাইকেলটি নিচে নামাতে বিশেষ ব্যবস্থা নেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং কিভাবে মোটরসাইকেলটি এতটা উচ্চতায় উঠে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।