আলবানিজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত

এএফপি
Printed Edition
নির্বাচনে জয়লাভের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার স্ত্রী জোডি হেইডন এবং ছেলে নাথানের সাথে উদযাপন করছে :  ইন্টারনেট
নির্বাচনে জয়লাভের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার স্ত্রী জোডি হেইডন এবং ছেলে নাথানের সাথে উদযাপন করছে : ইন্টারনেট

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রধান বিরোধীদল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন ইতোমধ্যে পরাজয় স্বীকার করেছেন এবং আলবানিজকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।

এবারের নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল দেশটিতে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও গৃহনির্মাণ সঙ্কট। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতিগুলোর প্রভাবও অস্ট্রেলিয়ার রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত ২২ এপ্রিল ভোটগ্রহণ শুরু হয়। এক কোটি ৮০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে ৮৫ লাখ ভোটার আগাম ভোট প্রদান করেছেন। যা ২০২২ সালের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে ভোট দেয়া সবার জন্য বাধ্যতামূলক।

ট্রাম্পের অস্থির কূটনৈতিক নীতি নিয়ে দুশ্চিন্তায় থাকা অস্ট্রেলীয় ভোটারদের মধ্যে পরিবর্তনের প্রতি আগ্রহে ভাটা পড়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। নির্বাচনের প্রধান দুই দল প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার পার্টি এবং বিরোধী পিটার ডাটনের লিবারেল-ন্যাশনাল জোট। দুই বড় দলেরই প্রচারের কেন্দ্রে ছিল জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া সংক্রান্ত চাপ মোকাবেলা।

এর আগে জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের শুল্কনীতির কারণে বিশ্বজুড়ে যে অনিশ্চয়তা তৈরি হয়, সেটি দ্রুত অস্ট্রেলিয়ার ভোটারদের কাছে নির্বাচনী প্রচারণার প্রধান ইস্যু হয়ে ওঠে। এর প্রধান কারণ হিসেবে অস্ট্রেলীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলেছেন বিশ্লেষকরা। অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্র। সাধারণত যুক্তরাষ্ট্রের সাথে তাদের বাণিজ্যে ঘাটতি থাকে। এরপরও অস্ট্রেলিয়াকে ট্রাম্পের শুল্কনীতি থেকে রেহাই দেয়া হয়নি।

ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্ন শহরে দেয়া এক বক্তব্যে আলবানিজ বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার লক্ষ্যগুলো পূরণ করার কাজ চালিয়ে যেতে চাই।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাস্তব মজুরি বৃদ্ধির পথে, মূল্যস্ফীতি কমে আসছে।’ আলবানিজ বলেছেন, তার নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী সরকার এ মেয়াদে ‘খুবই শক্ত ভিত’ গড়ে তুলেছে। আলবানিজের প্রতিশ্রুতি ছিল দ্বিতীয় মেয়াদে তিনি আবাসন সাশ্রয়ী করবেন এবং অস্ট্রেলিয়ার সর্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা ‘মেডিকেয়ার’ আরো শক্তিশালী করবেন।