তাসনিম নিউজ
ইরানের তৈরি ‘শাহেদ-১৩৬’ মডেলের প্রযুক্তির অনুকরণে যুক্তরাস্ট্র ‘লুকাস’ নামের নতুন ড্রোন তৈরি করেছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি।
ইরানের পশ্চিমের শহর খোররামাবাদে আয়োজিত এক সমাবেশে ভাষণদানকালে জেনারেল মুসাভি বলেন, চালকবিহীন বিমান প্রযুক্তিতে ব্যাপক সাফল্য অর্জন করেছে তার দেশ। বর্তমানে তাদের সশস্ত্র বাহিনীর বহরে শাহেদ সিরিজের বহুমুখী ইউএভি রয়েছে, যা সরাসরি সামরিক আক্রমণসহ গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় তরুণ প্রকৌশলী ও গবেষকদের মেধা ও অভিজ্ঞতায় নির্মিত এই ড্রোনগুলোই আজ দেশের সার্বভৌমত্ব রক্ষার অন্যতম শক্তিশালী হাতিয়ার।
আমেরিকার ড্রোন সক্ষমতার বিষয়টি টেনে তিনি দাবি করেন, ওয়াশিংটন ইরানের শাহেদ-১৩৬ ড্রোনটির নকশা অনুসরণ করে নিজেদের ‘লুকাস’ ড্রোনটি তৈরি করেছে এবং পরবর্তীতে সেটি তাদের সামরিক বহরে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তও করেছে। অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত ‘অপারেশন ট্রু প্রমিজ-১’ অভিযানের কথা স্মরণ করিয়ে দিয়ে এই সামরিক কর্মকর্তা আরো জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন সফলভাবে ব্যবহার করেই সেই সামরিক অপারেশনটি সম্পন্ন করা হয়েছিল।



