ক্রীড়া ডেস্ক
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে শেষ ও মোহাম্মদ সালাহর শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে লিভারপুল। ম্যাচের ৭৪ মিনিটে মাঠ থেকে তুলে নেয়া হয় মিসরীয় ফরোয়ার্ডকে। গোটা অ্যানফিল্ড তখন মুখরিত হয়ে উঠল করতালিতে। কারণ লিভারপুলের হয়ে এটিই শেষ ম্যাচ ছিল তার। সালাহও হাত নেড়ে জবাব দিলেন সবার অভিবাদনের। একে একে তাকে আলিঙ্গনে বাঁধলেন সতীর্থরা। সিজদাহ দিয়ে মাঠ ছাড়লেন তিনি, লিভারপুলের জার্সিতে শেষবারের মতো! শেষটা জয়ে রাঙাতে না পারলেও এই ম্যাচে এক পয়েন্ট পেয়েই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত হয়েছে লিভারপুলের।
বিদায় ম্যাচে মাঠেই কাঁদলেন সালাহর। চার পাশের আবহে ছিল আবেগের জোয়ার, তার চোখে অঝোরে ঝরছিল জল। হৃদয়েও তখন চলছিল প্রবল বৃষ্টিপাত। তার নিজেরই উপলব্ধি, এই এক ম্যাচে যতটা কেঁদেছেন, সারা জীবনেও এত কান্না করেননি তিনি।
ম্যাচের পর স্কাই স্পোর্টসকে সালাহ শোনালেন আবেগ সামলাতে হিমশিম খেতে হয়েছে তাকে। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি আমার সারা জীবনের চেয়েও বেশি কেঁদেছি এই এক ম্যাচে। আমি আসলে খুব একটা আবেগপ্রবণ মানুষ নই। আমরা আমাদের যৌবন এখানেই কাটিয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু ভাগ করে নিয়েছি। আমরা এই ক্লাবকে তার যোগ্য স্থানে ফিরিয়ে এনেছি।’
বিদায় বেলায় পেছন ফিরে তাকিয়ে নিজের ও দলের অর্জন নিয়েই গর্বের কথা বললেন সালাহ। তিনি বলেন, এটিই জীবন। আমি পেছনে ফিরে তাকাই আর ভাবি, যা অর্জন করেছি, তার চেয়ে বেশি কিছু চেয়েছিলাম কি না। আসলে তা নয়। আমরা সব কিছু জিতেছি। আমরা ভক্তদের ভালোবাসা দেখতে পাই ও এটিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইতালির সিরি ‘আ’ ক্লাব এএস রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে যোগ দিয়েছেন মোহাম্মদ সালাহ। দেখতে দেখতে কেটে গেল ৯টি বছর। অল রেডদের হয়ে ৪৪২ ম্যাচ খেলেছেন মিশরীয় এই ফরোয়ার্ড। এ সময় নিজে ২৫৭ গোল করার পাশাপাশি করিয়েছেন আরো ১২৩টি। প্রথম মৌসুমেই রেকর্ড ৪৪ গোল করেছিলেন তিনি। ক্লাবটিতে ধীরে ধীরে সালাহ থেকে খুব দ্রুতই হয়ে ওঠেন ভক্তদের ভালোবাসার ‘ইজিপশিয়ান কিং’। যেন রূপকথার কোনো এক গল্পের রাজা! সালাহর হাত ধরেই লিভারপুল একে একে জিতেছে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগসহ সম্ভাব্য সব ট্রফি। ভেঙেছেন ছোট-বড় অসংখ্য রেকর্ডও। ইয়ান রাশ ও রজার হান্টের পর সালাহই এখন লিভারপুলের হয়ে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা (২৫৭)। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডের দলটির হয়ে গত পরশু শেষ ম্যাচ খেলে ফেললেন সালাহ। এই ম্যাচেও গোলে সহায়তা করে লিগে গোল করানোর রেকর্ডে সালাহ (৯৩) টপকে যান লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডকে (৯২)।



