জানালার গ্লাস ফুড়ে দৃষ্টি চলে যায়
সবুজ পাতা ভরা লিচুগাছটির ডালে,
যেখানে একটিও লিচু নেই তবু
বসে আছে বুলবুলি আর কাঠবিড়ালি ।
নিশ্চিন্ত নির্ভাবনায় পুচ্ছ নাচায় ক্ষণে ক্ষণে,
রিজিকের ভাবনা তাদের আনন্দের এবং
শান্তির মুহূর্তকে কেড়ে নিতে পারেনি কিছুতেই।
অন্যের খাবার নিয়ে জমা করে
অনাদিকাল নিশ্চিন্তে খাবার আশায়
শান্তি বিনষ্ট করেনি এই ক্ষুদ্র প্রাণীগুলো।
অন্যের ঘাড় মটকে তার উপরে দাঁড়িয়ে
ক্ষমতা জাহির করার ধান্দায়
বিনীদ্র কাটেনি ওদের কোনো রাত্রি ।
সৃষ্টির সেরা হিসেবে আমরা দম্ভ আর
অহংকারে, ঘাড়-মাথা উঁচুতে তুলে রাখব,
কখনোই এসব ক্ষুদ্র প্রাণীর কাছে
শিখতে যাবো না শান্তির অবিনশ্বর সূত্র।
প্রয়োজনে ওদের সকল তথ্যসহ জবেহ করে
উদর পূর্তি করে শরীরে দেবো পুষ্টি জোগান।



