প্রধানমন্ত্রী প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে চান : কেডিএ চেয়ারম্যান

Printed Edition

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত করে শতভাগ জনকল্যাণমুখী জনসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চান। সে কারণেই দেশের উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে জনগণের প্রতিনিধি নিযুক্ত করেছেন। খুলনার পরিকল্পিত টেকসই উন্নয়নে প্রকল্প গ্রহণ করতে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন। যশোরের নওয়াপাড়া থেকে শুরু করে বাগেরহাটের মোংলা বন্দর পর্যন্ত কেডিএর আওতাধীন এলাকায় গৃহীত প্রকল্প বাস্তবায়ন এবং আধুনিক খুলনা অঞ্চল বিনির্মাণে প্রকল্প হাতে নেয়া হচ্ছে। তারই অংশ হিসেবে রূপসা উপজেলার ৩৪টি মৌজা নিয়ে কেডিএ একটি নান্দনিক পরিকল্পনা হাতে নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে অত্যাধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।

গতকাল রূপসা উপজেলা পরিষদের মিলনায়তনে স্থানীয়দের সাথে কেডিএর সেবা এবং মাস্টারপ্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। একই সাথে আগামী ১১ জুলাই সকাল ১০টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তে ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় খুলনার সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।

রূপসা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো: ইফতেখার আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় সূচনা বক্তব্য রাখেন কেডিএ’র নগর পরিকল্পনা কর্মকর্তা মো: তানভীর আহমেদ। সহকারী নগর পরিকল্পনাবিদ মো: রাকিবুল হাসানের সঞ্চালনায় মুক্ত আলোচনায় ১৩ জন স্থানীয় বাসিন্দা তাদের মতামত তুলে ধরেন।

এ সময়ে আরো বক্তৃতা করেন কেডিএর সদস্য রুহুল আমিন কুতুবুদ্দিন আহমদ, প্রধান প্রকৌশলী সাবিরুল আলম, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, খুলনা জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি কে এম আশরাফুল আলম নান্নু, রাজনীতিবিদ ও সমাজসেবক জিএম কামরুজ্জামান টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান সাইফ প্রমুখ।