নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ এখনো বহাল থাকায় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর ভোটদানে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
গতকাল রোববার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘যেসব সংসদ সদস্য পদত্যাগ করেননি বা যাদের সদস্যপদ বাতিল হয়নি, ভোটার তালিকায় নাম থাকলে তারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে বিজয়ী হন গাজী নজরুল ইসলাম। তবে একটি ভিডিও প্রকাশের জেরে গত জুন মাসে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। দলটি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে জানায়।
নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাছউদ জানান, সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী কোনো এমপি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ না করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট না দিলে দলীয় বহিষ্কারের কারণে তাঁর সংসদ সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয় না।
বিষয়টির ব্যাখ্যায় জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম জানান, দল বহিষ্কার করলেও স্বপদে বহাল থাকায় স্বাধীন সদস্য হিসেবে তার ভোটদানের সুযোগ রয়েছে। তিনি বলেন, তার সদস্যপদ তো এখনো খারিজ হয়ে যায়নি। প্রক্রিয়া অনুযায়ী স্পিকারের কাছ থেকে চিঠি নির্বাচন কমিশনে যাওয়ার পর কমিশন তাঁকে শুনানি শেষে সিদ্ধান্ত দেবে। এর আগ পর্যন্ত তিনি ভোট দিতে পারবেন।



