নিজস্ব প্রতিবেদক
নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপের উদ্বোধনকালে এই আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আজকে আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি, যা শুধু একটা বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয় বরং এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে একটা বার্তা মনে হয় আমরা স্পষ্টভাবে দিতে পারব, সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তিব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।
জাতীয় সংসদ ভবনের উদ্যোগ দেশের সব সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, লুইক্যানের নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক এবং আর সেই ভবনের ছাদে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্বে কিংবা নীতিতে নয় বরং বাস্তব কর্মকাণ্ডে প্রতিফলিত হতে হবে। তিনি বলেন, বাংলাদেশ জ্বালানিতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অবশ্যই স্বীকার করতে হবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদীভাঙন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা। সে কারণে টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয় বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ।
তিনি বলেন, সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক। আমাদের বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গকিলোমিটারে সাড়ে পাঁচ কিলোওয়াট ঘণ্টা সৌর বিতরণ পায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশবান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ।
সৌরবিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্পের উদ্বোধন করেন স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিসহ জাতীয় সংসদের হুইপগণ, সংসদ সদস্যগণ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিআরপির সাক্ষাৎ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্র-সিআরপি কর্তৃপক্ষ। রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে সিআরপি। সাক্ষাতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। সিআরপি কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।
এই সময় সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. ভ্যালেরি এ টেইলর, ট্রাস্টির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান, ট্রাস্টি মুশতাক আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের বিদায়ী কমিশনারের সাক্ষাৎ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের বিদায়ী হাইকমিশার প্রণয় ভার্মা। রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। সাক্ষাতের সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন। ভারত সরকার সস্প্রতি প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। এ নিয়োগের মধ্য দিয়ে প্রণয় ভার্মা ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত সৌরভ কুমারের স্থলাভিষিক্ত হচ্ছেন।
চীনে কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
বাসস জানায়, চীনের শানঝি প্রদেশে কয়লাখনিতে বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারবর্গ এবং চীনের জনগণের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আহতদের এবং নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইল। দেশ এই বিপদে চীনের পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা এবং এই ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে।’ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন ধৈর্য, সাহস ও সান্ত¡না খুঁজে পায় সেই কামনা করেন প্রধানমন্ত্রী।



