আবার পারো সিটি এফসিতে সাবিনা-মাছুরা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

কোচ পিটার জেমস বাটরালের সাথে বিবাদের কারণে মূল জাতীয় দল থেকে বাইরে স্ট্রাইকার সাবিনা খাতুন। তবে ফুটসাল জাতীয় দলে আছেন। তার নেতৃত্বেই সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এখন নারী ফুটসাল লিগে আইএম ১০ কে শিরোপার দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। কোয়ালিফায়ার এক ম্যাচে আইএম ১০ সেনাবাহিনীকে ১০-১ গোলে হারিয়েছিল। সে ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। আগামীকাল ফাইনাল তাদের প্রতিপক্ষ সেনাবাহিনী। গতকাল সেনাবাহিনী ১৩-চার গোলে হারিয়েছে বিকেএসপিকে। সাত গোল করেছেন সেনাবাহিনীর নওশন জাহান নিতি। ফাইনালে জিতলে ক্যারিয়ারে আরেকটি শিরোপা যোগ হবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাবিনার। যেহেতু জাতীয় দলে এখনো হেড কোচ বাটলার। তাই তার অধীনে আর বাংলাদেশ দলে ডাক পাওয়ার সুযোগ নাই। তাই ফের ভুটান লিগে খেলতে যাচ্ছেন সাবিনা। গতবারের মতো এবারো তার ক্লাব পারো সিটি এফসি। সাথে যাচ্ছেন ডিফেন্ডার মাছুরা পারভীন। গত বছর পারো সিটির হয়ে ৩৭ গোল করেছিলেন সাবিনা। যদিও দলকে চ্যাম্পিয়ন করাতে পারেননি।