শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ না করলে পরিণতি ছাত্রলীগের মতো হবে : খেলাফত ছাত্র আন্দোলন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

কোনো ছাত্রসংগঠনকে ছাত্রলীগ হয়ে উঠতে দেয়া হবে না। কোনো ছাত্রসংগঠন যদি ছাত্রলীগের মতো সন্ত্রাস ও দখলদারিত্ব করতে চায়, তাদের ছাত্রলীগের পরিণতি বরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আবু দারদা।

গতকাল রাজধানীর ডিসিসি হলে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ আবু দারদা বলেন, জুলাই-পরবর্তী সময়ে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতির প্রত্যাশা করেছিল সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু দুই বছর পরে এসে আবারো দখলদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীন ছাত্রসংগঠন।

আলোচনা সভায় ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সিবগাত উল্লাহ সিবগা বলেন, আমরা প্রতিযোগিতামূলক ছাত্র রাজনীতি চাই। ছাত্রশিবির সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের হেইট পলিটিক্স থেকে ফিরিয়ে এনেছিল। কিন্তু একটা মহল আবারো অপরাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের রাজনীতিবিমুখ করে তুলেছে। এই রাজনীতি বন্ধ করতে তিনি আহ্বান জানান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, জগসুর ভিপি রিয়াজুল ইসলাম, জাগপা ছাত্র কাফেলার সভাপতি আবদুর রহমান ফারুকী, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মিলন, রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য সচিব আ ন ম আয়াস, জাতীয় বিপ্লবী সংসদের সভাপতি কাজী ফিরোজ, ছাত্রশক্তির কর্মসূচিবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম সবুজ, ন্যাশনাল ছাত্রমিশনের সাধারণ সম্পাদক সাব্বির, ইসলামী ছাত্র ফোরামের আহ্বায়ক সদস্য সাব্বির এবং জুলাই ফোর্সের যুগ্ম আহ্বায়ক গোলাম আযম।