চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো: শামীমসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৭। রোববার চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মো: শামীম (৩৫), মো: সাজ্জাদ আলম শুভ (৩২), মারুফ (২৭) এবং সুমন (৩০)। তাদের মধ্যে শামীম মামলার প্রধান আসামি এবং সাজ্জাদ আলম শুভ ও মারুফ এজাহারভুক্ত আসামি। সুমনের নাম তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, নিহত মো: রিফাত (২৮) পাহাড়তলী থানার আব্দুলপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে গত ২৩ জুন সকালে সাজ্জাদ আলম শুভ কৌশলে রিফাতকে বাসা থেকে ডেকে দক্ষিণ কাট্টলীর আব্দুল সুফী চৌধুরী গ্যারেজসংলগ্ন তিনরাস্তার মোড়ে নিয়ে যান। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা শামীম, মারুফ এবং তাদের আরো কয়েকজন সহযোগী সঙ্ঘবদ্ধভাবে রিফাতের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা আহত রিফাতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের ভাই বাদি হয়ে পাহাড়তলী থানায় তিনজনের নাম উল্লেখ করে ২৪ জুন হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, তাদের কাছে তথ্য ছিল প্রধান আসামি শামীম ও সাজ্জাদ আলম শুভ সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল বাজার এলাকায় অবস্থান করছেন। এরপর রোববার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকা থেকে মারুফকে এবং হালিশহরের মাইজপাড়া এলাকা থেকে তদন্তে প্রাপ্ত অভিযুক্ত সুমনকে গ্রেফতার করা হয়।



