ক্রীড়া ডেস্ক
ইউএস ওপেনে পুরুষ এককে ইতিহাস গড়লেন জার্মানির আলেক্সান্ডার জভেরেভ। পুরুষ এককের ফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বেন শেলটনকে চার সেটে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো জিতলেন ইউএস ওপেনের শিরোপা। ফাইনালে শেলটনকে ৬-৩ ও ৭-৬ (৭-২), ৫-৭ ও ৬-২ গেমে হারিয়েছেন জভেরেভ।
নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে গত পরশু ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডসø্যাম শিরোপা জিতেছেন ২৯ বছর বয়সী জভেরেভ। এর আগে চলতি বছরই ফ্রেঞ্চ ওপেন জিতে নিজের প্রথম মেজর ট্রফি ঘরে তুলেছিলেন তিনি। ফলে একই বছরে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতে জভেরেভ নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুমকে আরো স্মরণীয় করে তুললেন।
ফাইনালের শুরু থেকেই জভেরেভ ছিলেন নিয়ন্ত্রিত। শক্তিশালী সার্ভ, বেসলাইন থেকে ধারাবাহিক শট এবং ঠাণ্ডা মাথায় গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে শেলটন লড়াই করলেও টাইব্রেকারে জভেরেভের অভিজ্ঞতার কাছে হার মানেন। জার্মান তারকা সেটটি জিতে নেন ৭-২ ব্যবধানে।
তৃতীয় সেটে অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দেন শেলটন। প্রথমবার গ্র্যান্ডসø্যাম ফাইনালে খেলতে নামা ২৩ বছর বয়সী মার্কিন তারকা দুর্দান্ত লড়াই করে সেটটি ৭-৫ ব্যবধানে জিতে ম্যাচ জমিয়ে তোলেন। কিন্তু চতুর্থ সেটে আর সুযোগ দেননি জভেরেভ। শুরু থেকেই আক্রমণাত্মক টেনিস খেলে ৬-২ ব্যবধানে সেট জিতে নিশ্চিত করেন শিরোপা। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষারও অবসান ঘটালেন জভেরেভ। ২০২০ সালে ইউএস ওপেনের ফাইনালে ডমিনিক থিয়েমের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিলেন তিনি। ছয় বছর আগের তেতো অভিজ্ঞতার কারণেই হয়তো এবার এতটা নিবদ্ধ ছিলেন জভেরেভ। এই কোর্টেই সেবার ফাইনালে দুই সেটে এগিয়ে গিয়েও হেরে গিয়েছিলেন। সেই দুঃস্বপ্নের অধ্যায়কে কবর দিয়ে এবার নিউ ইয়র্কে সেই আক্ষেপ মুছে ফেললেন জার্মান তারকা।
জভেরেভের কাছে পরাজয়ে গ্র্যান্ডসø্যাম ছুঁতে না পারলেও ক্যারিয়ারের বড় বাঁকবদল হয়েছে শেলটনের। কার্লোস আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর স্বদেশী ফ্রান্সেস টিয়াফোকেও হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ডসø্যাম ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। শিরোপা না পেলেও ভবিষ্যতের বড় তারকা হিসেবে নিজের অবস্থান জানান দিলেন এই মার্কিন তরুণ। আর শেলটনের হারে আরো দীর্ঘ হলো ইউএস ওপেনে আমেরিকান পুরুষ খেলোয়াড়ের শিরোপার অপেক্ষা। সর্বশেষ ২০০৩ সালে অ্যান্ডি রডিক এই ট্রফি জিতেছিলেন। এরপর থেকে ঘরের মাটিতে পুরুষ এককের শিরোপা আর কোনো মার্কিন খেলোয়াড়ের হাতে ওঠেনি।
গ্র্যান্ডসø্যাম জয়ের পর জভেরেভ বলেন, ‘আমি জানি যে আজ ৯৯.৯ শতাংশ মানুষই চেয়েছিল বেন (শেল্টন) জিতুক, এ জন্য আমি খুবই দুঃখিত। যদিও জানি যে দর্শকেরা আমার বিপক্ষে ছিল, তারা সবসময়ই অবিশ্বাস্যরকমের ন্যায্য ছিল এবং খেলোয়াড় হিসেবে আমরা এর প্রশংসা করি।’



