বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত পশু চিকিৎসকের মৃত্যু

Printed Edition

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আহম্মেদ শরীফ (৪৮) নামে এক পল্লী পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত আহম্মেদ শরীফ উপজেলার মাড়িয়া গ্রামের মৃত হাসেন আলী মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় পল্লী পশু চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার পেশাগত কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আহম্মেদ শরীফ। পথে উপজেলার রয়না ভরট এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় তার মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়, এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।