খাগড়াছড়ির দুর্গম পার্বত্য এলাকার পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মধ্যে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে শনিবার দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। এতে সর্বমোট ৮৬১ জন রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়।
মেডিক্যাল ক্যাম্পে সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থেকে সেবা প্রদান করেন। ভৌগোলিক দূরত্ব ও যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে দুর্গম এলাকার যেসব মানুষের পক্ষে জেলা সদরে এসে চিকিৎসা নেয়া কঠিন, তাদের জন্য বিশেষ উদ্যোগ নেয় সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ বিভিন্ন জোনের ব্যবস্থাপনায় প্রত্যন্ত এলাকা থেকে রোগীদের যানবাহনে করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়।
পার্বত্য অঞ্চলে সম্প্রীতি রক্ষা ও স্থানীয়দের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আইএসপিআর’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



