মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সঙ্কট : আইনমন্ত্রী

Printed Edition

শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতা

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, আমাদের বিচার বিভাগে এখনো অনেক সমস্যা আছে। তবে আপনার কাছে সমস্যাটা একরকম, আমার কাছে আরেক রকম। কেউ বলবেন বিচার বিভাগ দুর্নীতিতে ছেয়ে গেছে, অনেকেই বলবেন টাউট বাটপারিতে ছেয়ে গেছে। অনেকেই বলবেন স্ট্রাকচার নাই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সঙ্কট হলো, মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব। তিনি বলেন, আমি যদি বিচারককে পেশা হিসেবে বেছে নিই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি আর ১০টা চাকরির মতোই চাকরি করতে আসছি। বিচারকদের মনে রাখতে হবে, আমি এখানে এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকুপা’ শীর্ষক মতবিনিময় সভা ও বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান ।

বিচার বিভাগের প্রতি জনগণের প্রত্যাশা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমার কাছে স্বপ্নের বিচার বিভাগ হলো সেটা, যেখানে একজন গরিব অসহায় মানুষ তার আস্থা এবং বিশ্বাস রাখতে পারে।

ভারতে পলাতক শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইন ও বিচারমন্ত্রী বলেন, অনেকে বলেছেন উনি ভিডিও কনফারেন্স করবেন, কিন্তু উনি ভিডিও কনফারেন্সে আসেননি। একটি অডিও রেকর্ডেড কনফারেন্সে পাঠিয়েছেন। অনেকেই বলছে, এটা নাকি এআই জেনারেটেড। উনি ফিরে আসুক বা কনফারেন্সেই আসুক, উনি আমার কাছে ফেরারি আসামি। উনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি আমার এখানে সাড়ে চার হাজার মানুষকে ক্রসফায়ারে হত্যার দায়ে অভিযুক্ত আসামি। উনি আমার কাছে জুলাই বিপ্লবে ১৪শ’ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করার মামলার আসামি। তিনি বলেন, শেখ হাসিনা সম্পর্কে আমার বলার একটাই কথা যে, সেই সব সত্যের মুখোমুখি যদি তিনি হতে চান তাহলে অবশ্যই তিনি আসবেন।

আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনার ফেরা নিয়ে যারা বেশি কথা বলছেন তাদের বলব, একবার বুকের ওপর নিজের হাতটা রেখে বলুন তো, এতোগুলো অপরাধের পরেও উনি জনগণের কাছে, মানুষের কাছে ক্ষমা চেয়েছে কিনা? একবারের জন্যও হাসিনার মনে হয়েছে কিনা যে আমরা অপরাধ করেছি।

মতবিনিময় ও স্মরণ সভায় আগামীর শৈলকূপা সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো: নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমাজের নানা শ্রেণিপেশার প্রতিনিধিরাও অংশ নেন। এ ছাড়াও দুপুরে আরেকটি অনুষ্ঠানে ৫ম শ্রেণীতে মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।