এএফপি
পূর্ব চীন সাগরের বিতর্কিত সেনকাকু/দিয়াওইউ দ্বীপপুঞ্জের কাছে জাপান ও চীনের কোস্টগার্ড জাহাজের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার উভয় দেশই দাবি করেছে, তারা অপর পক্ষের জাহাজকে নিজেদের নৌসীমা থেকে বের করে দিয়েছে।
জনবসতিহীন এই দ্বীপপুঞ্জ জাপানে ‘সেনকাকু’ এবং চীনে ‘দিয়াওইউ’ নামে পরিচিত। তাইওয়ান ও জাপানের ওকিনাওয়ার মাঝামাঝি অবস্থিত দ্বীপগুলো নিয়ে কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে বিরোধ চলছে। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, দু’টি চীনা কোস্টগার্ড জাহাজ একটি জাপানি মাছ ধরার নৌকার কাছে চলে এলে তাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়। পরে সকাল ৯টা ২০ মিনিটের দিকে চীনা জাহাজ দু’টি সরে যায়। এ সময় জাপানি মাছ ধরার নৌকার নিরাপত্তায় অতিরিক্ত কোস্টগার্ড মোতায়েন করা হয়। অন্য দিকে চীনের কোস্টগার্ড দাবি করেছে, জাপানের ‘জুইহো মারু’ নামের একটি মাছ ধরার নৌকা তাদের দাবি করা জলসীমায় প্রবেশ করেছিল। পরে চীনা কোস্টগার্ড প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নৌকাটিকে সেখান থেকে সরিয়ে দেয়। জাপান জানিয়েছে, চারটি চীনা জাহাজ ওই এলাকায় অবস্থান করছিল, যার মধ্যে দু’টি তাদের দাবি করা নৌসীমায় প্রবেশ করে। টোকিও এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং ভবিষ্যতেও নিজেদের নৌসীমার নিরাপত্তায় কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে।



