নিজস্ব প্রতিবেদক
একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার সংগ্রামী পথ চলা আর কর্মময় জীবনের ওপর দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা।
গতকাল বাদ জুমা জিয়া উদ্যানে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সংগঠনটির সভাপতি মারুফা রহমান ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন-সংগ্রামী জীবন এতই বিস্তৃত, এতই বিশাল, এতই বর্ণাঢ্য যে, একটা আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে তার জীবনসংগ্রাম কোনোভাবেই ধারণ করা সম্ভব নয়। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটিকে অনুরোধ করব বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনা, আন্দোলন সংগ্রাম ও উন্নয়নমূলক কার্যক্রমের ওপর তারা যেন আলাদা আলাদা প্রদর্শনীর আয়োজন করে।
দেশনেত্রীর জানাজায় এত মানুষের সমাগম হয়েছে যা বিশ্বের প্রধান জানাজাগুলোর একটি। মানুষটা সারা জীবন লড়াই করেছেন জনগণের জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষার জন্য। তরুণ প্রজন্ম যারা বেগম জিয়ার নেতৃত্ব সামনে থেকে দেখে নাই, তারা বেগম জিয়ার সম্পর্কে জানতে চায়।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উপদেষ্টা আতিকুর রহমান রুমন বলেন, ‘বেগম খালেদা জিয়া কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী না, বাংলাদেশের চার দশকের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে যেসব নারী নেতৃত্ব সাহস, দৃঢ়তা ও গণ-আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন, তাদের অগ্রভাগে ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন আপসহীনতার জীবন্ত প্রতিচ্ছবি।
সংগঠনের সভাপতি মারুফা রহমান বলেন, ‘আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন করেছি। এখানে একেকটি ছবি তার রাজনৈতিক জীবনের একেক সময়কার দলিল। দেশ ও দেশের বাইরে থেকে অনেক মানুষ এখানে আসছেন। বিশেষ করে তরুণরা আসছেন, তাদের আগ্রহটা বেশি। তারা বেগম জিয়ার সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে ।’
সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন, ‘আমরা ধাপে ধাপে আরো বেশ কিছু আয়োজন করব। সেখানে বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনা, আন্দোলন সংগ্রাম ও উন্নয়নমূলক কার্যক্রমের ওপর বিভিন্ন ডকুমেন্টারি ও আলোকচিত্র থাকবে।’
ওই অনুষ্ঠানে দেশনেত্রী বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের প্রায় ১০০টি স্থিরচিত্র প্রদর্শন করা হয়।
এ সময় সংগঠনটির সিনিয়র সহসভাপতি আদনান আজাদ, সহসভাপতি ফেরদৌস মামুন, জুলফিকার হোসাইন সোহাগ, আনোয়ার হোসেন জনি ও রাশেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম ও গোলাম রাব্বী সোহাগ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, অর্থসম্পাদক ইসহাক আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।



