নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভাটারা কুড়িল মৃধাবাড়ী এলাকার একটি বাসায় থেকে মো: কামাল উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, অভাবগ্রস্ত থাকায় তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা। গতকাল লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ভাটারা থানার এস আই মোহাম্মদ রাজু হোসেন জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে কুড়িল মৃধাবাড়ীর একটি ভবনের দ্বিতীয় তলায় রুমের দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি সিলিংফ্যানের সাথে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তিনি প্রাইভেটকার চালক ছিলেন। কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদেনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ দিকে উত্তর বাড্ডার হাসান উদ্দিন রোডের মিশ্রিটোলা এলাকার একটি বাসার দ্বিতীয় তলার কক্ষ থেকে তাহিয়া আক্তার মিন্নি (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তাহিয়া আক্তার দক্ষিণ খান আইয়ুববাগ এলাকার আব্দুল আউয়ালের মেয়ে। বর্তমানে স্বামীর সাথে উত্তর বাড্ডার হাসান উদ্দিন রোডের মিশ্রিটোলা এলাকার মীর কাশেম আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।



