ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান

কোকো, হাদি ও শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত

Printed Edition
তারেক রহমানের নেতৃত্বে শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপি নেতারা : নয়া দিগন্ত
তারেক রহমানের নেতৃত্বে শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপি নেতারা : নয়া দিগন্ত

বিশেষ সংবাদদাতা

দেশে ফিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন তিনি। এরপর তিনি নির্বাচন কমিশন ভবনে গিয়ে ভোটার হওয়ার জন্য নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। দুপুরে বনানীর সামরিক কবরস্থানে ছোট ভাই, শ্বশুর ও শহীদ সেনাকর্মকর্তাদের কবর জিয়ারত করেন। সন্ধ্যার দিকে তিনি রাজধানীর ধানমন্ডিতে শ্বশুর মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসায় গিয়ে নিকটাত্মীয়দের সাথে সময় কাটান।

গত বৃহস্পতিবার সপরিবারে স্বদেশ প্রত্যাবর্তন করেন তারেক রহমান। প্রথম দিনে তারেক রহমানকে রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিটে ঐতিহাসিক গণসংবর্ধনা দেয়া হয়। এরপর সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মায়ের খোঁজ নেন তিনি। পরদিন শুক্রবার দীর্ঘ ১৯ বছর পর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। রাত ১০টার পর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

জাতীয় কবি এবং ওসমান হাদির কবর জিয়ারত

গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। তার আগমনের খবরে সকাল থেকে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নেন বিপুল সংখ্যক নেতাকর্মী।

ছোট ভাই আরাফাত রহমানের কবর জিয়ারত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি বেলা ১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে এনআইডি রেজিস্ট্রেশনসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারেক রহমান। পরে বেলা ২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে যান তারেক রহমান। সেখানে তিনি প্রথমে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন নীরবে। এরপর সুরা ফাতেহা ও দরুদ শরিফ পাঠ করে ভাইয়ের রূহের মাগফিরাত কামনায় মুনাজাত করেন।

এরপর তারেক রহমান যান বনানীর সামরিক কবরস্থানে। যেখানে শুয়ে আছেন তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। সেখানে ফাতেহা পাঠ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত করেন তারেক রহমান।

শহীদ সেনাকর্মকর্তাদের কবর জিয়ারত

এরপর ‘পিলখানা ট্র্যাজেডি’তে শহীদ ৫৭ জন সেনাকর্মকর্তার কবর জিয়ারত করেন তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা ও অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক ডা: শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ।