গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় একটি চামড়ার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত পৌনে ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে একটি মোটরসাইকেলসহ সংরক্ষিত চামড়া পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, গভীর রাতে ব্যবসায়ী শওকত সওদাগরের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে দু’টি ইউনিট পাঠানো হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও সময়মতো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



