তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষকবান্ধব : ত্রাণমন্ত্রী

Printed Edition

দিরাই শাল্লা (সুনামগঞ্জ) সংবাদদাতা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত। জনগণের কাছে এই সরকারের জবাবদিহিতা আছে। ৫ আগস্টের আগের সরকার আর বর্তমান সরকার এক নয়। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অত্যন্ত কৃষকবান্ধব। শুধু দুর্যোগের আর কৃষি ক্ষেত্রে নয় প্রতিটি ক্ষেত্রেই তাৎক্ষণিকভাবে এই সরকার জনগণের পাশে থাকার যে প্রচেষ্টা চালাচ্ছে তা অব্যাহত থাকবে।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা তিনি এ কথা বলেন। সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিন মাস মেয়াদি মানবিক সহায়তা প্রদান কার্যক্রম নিয়ে জেলাপর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, অতিবৃষ্টির পানিতে ধান তলিয়ে যাওয়ার কারণে হাওরাঞ্চলের কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে খবর পেয়েই প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চারজনের একটি প্রতিনিধিদল সুনামগঞ্জ এসেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য সরকার ইতোমধ্যে তিন মাস মেয়াদি ত্রাণসহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

সিলেটের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) আশরাফুর রহমানের সভপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, মুখ্যসচিব এ বি এম আব্দুস সত্তার, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, নুরুল ইসলাম নুরুল, কামরুজ্জামান কামরুল।

পরে বিকেল ২টায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।