সৌদিকে উসকানির জবাব দেয়ার হুঁশিয়ারি ইয়েমেনের

Printed Edition

মেহের নিউজ এজেন্সি

ইয়েমেনের সশস্ত্রবাহিনী জানিয়েছে, সৌদি আরবের সাহ আল-জিন্ন এলাকায় একটি সামরিক সমাবেশকেন্দ্রে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। একই সাথে তারা হুঁশিয়ারি দিয়েছে, সৌদি আরব যেকোনো ধরনের উত্তেজনা বা সামরিক তৎপরতা বাড়ালে তার জবাবও দেয়া হবে।

ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ওই কেন্দ্রে সৌদি সেনাদের গতিবিধি, অস্ত্র ও সরঞ্জামের গুদাম, সামরিক যানবাহন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সতর্কতার সাথে পর্যবেক্ষণের পর হামলা চালানো হয়। তিনি দাবি করেন, হামলাগুলো ছিল ‘নির্ভুল ও কার্যকর’।

সারি বলেন, ইয়েমেনের সশস্ত্রবাহিনী দু’টি নীতিতে অটল রয়েছে -‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘সৌদি আগ্রাসীদের সামরিক সমাবেশকেন্দ্র যেখানেই থাকুক, সেখানে হামলা চালানো’। তিনি আরো সতর্ক করে বলেন, ইয়েমেনের ওপর অবরোধ বজায় রাখতে সৌদি আরব কোনো ধরনের সেনা সমাবেশ বা সামরিক শক্তি মোতায়েন করলে তার জবাব ‘তাৎক্ষণিক ও কঠোরভাবে’ দেয়া হবে। ইয়েমেনের এই সামরিক মুখপাত্র দেশটির যেসব মানুষকে তিনি ‘বিভ্রান্ত ও প্রতারিত’ বলে উল্লেখ করেছেন, তাদের সৌদি আরবের সামরিক শিবির ছেড়ে দ্রুত নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান।