খুলনা ব্যুরো
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল বুধবার খুলনা পরিদর্শনে আসেন। তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় দুপুরে মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সেনাসদস্যদের সরেজমিন পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খুলনা পরিদর্শনকালে, জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি খুলনা বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



