ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। সেলেকাওদের হয়ে ২০০২ সালে জেতেন বিশ্বকাপ। ২০০৫ সালে জয় করেছিলেন ব্যালন ডি’অরও। ২০১৮ সালের জানুয়ারি মাসে পেশাদার ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন রোনালদিনহো। যদিও ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে খেলার পর থেকে পেশাদার কোনো দলের হয়ে মাঠে খেলেননি। ১০ বছরের বেশি সময় পর আবার ফুটবলে ফিরছেন রোনালদিনহো। জুনে চমক জাগানো এক ঘোষণায় ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার সাথে চুক্তি করেন ৪৬ বছর বয়সী এই প্লে-মেকার।
আসন্ন মৌসুমে রাভেন্নায় খেলতে গত পরশু ইতালিতে পা রাখেন রোনালদিনহো। ‘রোনালদিনহো ডে’ হিসেবে বৃহস্পতিবারকে ঘোষণা করা হয়েছিল। প্রথমে গণমাধ্যমের সামনে তাকে পরিচয় করিয়ে দেয়া হয়। এরপর প্রায় ছয় হাজার দর্শকের সামনে সমুদ্রসৈকতের পাশে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।



