নারায়ণগঞ্জ প্রতিনিধি
মাত্র সাড়ে পাঁচ মাসেই পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন ফতুল্লার ফয়জিয়া মুহম্মাদিয়া দারুস সালাম কওমি মাদরাসার শিক্ষার্থী মো: আব্দুল্লাহ। শনিবার রাত ৯টায় তার হিফজুল কুরআনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তিনি হিফজ শুরু করেছিলেন গত ১৪ জুন।
মাদরাসা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লার কোতালেরবাগ গ্রামের পোশাক শ্রমিক আব্দুল মজিদের ছেলে মো: আব্দুল্লাহ। ছোট বেলায় পরিবারের লোকজন তাকে হাফেজ বানাতে ভর্তি করেন স্থানীয় ফয়জিয়া মুহম্মাদিয়া দারুস সালাম কওমি মাদরাসায়। মাত্র সাড়ে পাঁচ মাসে ৩০ পারা কুরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। এতে আনন্দিত তার পরিবার ও শিক্ষকরা। আব্দুল্লাহর জন্ম ২০১৬ সালের ৯ মে।
আব্দুল্লাহ বলেন, অল্প সময়ে হাফেজ হতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আমি প্রথম ভেবেছিলাম অনেক কঠিন হবে। কিন্তু আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন।
বাবা আব্দুল মজিদ জানান, ছোটবেলা থেকেই আমি ছেলেকে আল্লাহর পথে রাখতে নামাজ ও কুরআনের শিক্ষায় শিক্ষিত করার ইচ্ছা ছিল। আল্লাহর বিশেষ কৃপায় আব্দুল্লাহ এতো অল্প বয়সে পুরো কুরআন মুখস্থ করতে পেরেছে, যা তার জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্ত। আমি বাবা হিসেবে গর্বিত।



