চট্টগ্রাম ব্যুরো
প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বতশৃঙ্গ জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করলেন তিনি।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে নেপালের মহালাঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত আট হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই শৃঙ্গে পৌঁছান বাবর। এটিই কোনো বাংলাদেশী পর্বতারোহীর প্রথম মাকালু জয়।
‘এক্সপিডিশন মাকালু : দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক অভিযানের আয়োজন করে চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। ক্লাবটির সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর স্বত্বাধিকারী মোহন লামসালের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন। শিখরে ওঠার সময় বাবরের সাথে ছিলেন শেরপা আং কামি শেরপা।
‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত মাকালু জয়ের উদ্দেশ্যে গত ৭ এপ্রিল দেশ ছাড়েন বাবর। ৯ এপ্রিল টুমলিংটার পৌঁছে সড়কপথে সেদুয়া হয়ে ১৮ এপ্রিল পৌঁছান বেসক্যাম্পে। উচ্চতার সাথে শরীর মানিয়ে নিতে ধাপে ধাপে ক্যাম্প-১ ও ক্যাম্প-২-এ অবস্থান করেন এবং প্রায় সাত হাজার মিটার উচ্চতা স্পর্শ করে আবার নিচে নেমে আসেন। দ্বিতীয় দফায় ২৭ এপ্রিল ক্যাম্প-২ পর্যন্ত উঠে পুনরায় বেসক্যাম্পে ফেরেন। পরবর্তীতে অনুকূল আবহাওয়া পেয়ে ৩০ এপ্রিল আবার আরোহণ শুরু করেন তিনি। সেদিনই পৌঁছান ছয় হাজার ৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২-এ। ১ মে ওঠেন সাত হাজার ৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩-এ। সেখান থেকে মধ্যরাতে চূড়ান্ত আরোহন শুরু করে টানা বিপজ্জনক খাড়া পথ অতিক্রম করে শনিবার ভোরে শিখরে পৌঁছান।
অভিযান-ব্যবস্থাপক ফরহান জামান জানিয়েছেন, বাবর শনিবার ক্যাম্প-২-এ নেমে আসবেন এবং রোববারের মধ্যে বেসক্যাম্পে ফেরার কথা রয়েছে।
২০১০ সালে পার্বত্য চট্টগ্রামে ট্রেকিংয়ের মাধ্যমে পাহাড়ে পথচলা শুরু হয় বাবরের। সবশেষে মাকালু জয় করে আট-হাজারি শৃঙ্গ জয়ের পথে নিজের পঞ্চম সাফল্য যুক্ত করলেন বাবর আলী-যা বাংলাদেশের পর্বতারোহণে নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে।



