জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথেই জবাব : শাহজাহান চৌধুরী

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ের গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে চট্টগ্রামের লালদিঘী জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি।

নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরী সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমির মাওলানা জিয়াউল হোসাইন, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, এলডিপি চট্টগ্রাম মহানগরীর সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম, আমার বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, লেবার পার্টির চট্টগ্রাম মহানগরীর সভাপতি আলাউদ্দিন আলী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মোতালেব, এনসিপির মহানগরীর যুগ্ম আহবায়ক জসিমউদদীন ওপেল।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি বলেন, গত ১৭ বছর ধরে নির্বিচারে সাধারণ মানুষকে ‘জঙ্গি’ তকমা দিয়ে হত্যা করা হয়েছে। জুলাই শুধু একটি আন্দোলন নয়; এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন।

শাহজাহান চৌধুরী বলেন, শুধু সংবিধান সংশোধন নয়; জুলাই সনদে স্বাক্ষরকারী ৩২টি রাজনৈতিক দলের দাবির ভিত্তিতে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বিগত সরকারের সময়ে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্রজনতাকে হত্যা করা হয়েছে। কিন্তু আজ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে নামতে হবে- এটি আমরা কখনো কল্পনাও করিনি।