বিবিসি
আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সাথে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে লাইবেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট জুয়েল হাওয়ার্ড-টেইলরকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে তার বিরুদ্ধে মাদক পাচার ও অর্থ পাচারসহ একাধিক গুরুতর অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। দেশটির বিচার মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, গত বুধবার রাজধানী মনরোভিয়ার রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে যাওয়ার উদ্দেশে ফ্লাইটে ওঠার মুহূর্তে ৬৩ বছর বয়সী এই জ্যেষ্ঠ রাজনীতিবিদকে আটক করা হয়।
সম্প্রতি জব্দ করা প্রায় ৩১৭ মিলিয়ন ডলার (২৩৩ মিলিয়ন পাউন্ড) মূল্যের বিশাল কোকেন চালানের ঘটনার তদন্তে নেমে পুলিশপ্রধান গ্রিগরি কোলম্যান সরাসরি এই সাবেক ভাইস প্রেসিডেন্টের নাম যুক্ত করেন। এই ঘটনা লাইবেরিয়ার রাজনীতি ও নিরাপত্তা অঙ্গনে চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে। এখন পর্যন্ত এসব অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি জুয়েল হাওয়ার্ড-টেইলর। বিবিসির সাথে যোগাযোগ করা হলে তার আইনজীবী জানান, আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেশ না করা পর্যন্ত তিনি বা তার মক্কেল এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। জুয়েল হাওয়ার্ড-টেইলরের রাজনৈতিক ক্যারিয়ার বেশ ঘটনাবহুল। লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও সাবেক বিদ্রোহী নেতা চার্লস টেইলরের সাথে বৈবাহিক সম্পর্কের সূত্রে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। চার্লস টেইলর ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। পরবর্তীতে সিয়েরা লিওনের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে সঙ্ঘাত ছড়াতে সহায়তার দায়ে আন্তর্জাতিক আদালত তাকে কারাদণ্ড দেন।



