রেলের জমি দখলের অভিযোগ বিএনপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে

Printed Edition

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ রেলওয়ের লিজ দেয়া জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক (বহিষ্কৃত) সহসভাপতি শামসুদ্দীন মিয়া ঝুনুর বিরুদ্ধে। জমি বুঝে পেতে লিজগ্রহীতারা সংবাদ সম্মেলন করেছেন।

গত রোববার দুপুরে বোয়ালমারী পৌর জামায়াতের আমির ও পাঞ্জেরী মডেল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ নিয়ামুল হাসান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ১৯৯৩ সালে মাদরাসার স্বার্থে রেলওয়ে থেকে এক একর ৬৬ শতক জমি লিজ নেয়া হয়। ২০০৫ সাল পর্যন্ত নিয়মিত খাজনা দেয়া হলেও এরপর রেলওয়ে এক একর জমির খাজনা নেয়া বন্ধ করে দেয়। পরে ওই জমি শামসুদ্দীন ঝুনু দখলে নিয়ে দোকানঘর নির্মাণ করেন। অবশিষ্ট ৬৬ শতক জমির লিজ ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকলেও সেখানে মাদরাসার সাইনবোর্ড উপড়ে ফেলা হয়েছে এবং তাদের প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- লিজগ্রহীতা আবুল কাশেম মাহমুদ, পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেন, পরিচালক আতিয়ার রহমান মিয়া ও মানছুর আহমেদ এবং কোষাধ্যক্ষ আবু নাছের মোল্যা। অভিযোগ অস্বীকার করে শামসুদ্দীন মিয়া ঝুনু বলেন, অভিযোগকারীদের কোনো লিজ নেই। ২০০৫ সালেই তাদের লিজ বাতিল হয়েছে। এটি আমাদের পূর্বপুরুষের জমি, যা আমরা ভোগদখল করছি। হুমকি-ধামকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পাকশী রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।